ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার ভাষায়, নাসীরুদ্দীনের ‘চিকিৎসা প্রয়োজন’ এবং এ ধরনের বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী।

গতকাল রোববার পুরান ঢাকার ধূপখোলা মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি চাঁদাবাজ ও জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।

নাসীরুদ্দীনের বক্তব্যে ব্যবহৃত শব্দচয়নকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে ইশরাক হোসেন বলেন, এমন মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তিনি নাসীরুদ্দীনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সূত্রাপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইশরাক হোসেন এসব মন্তব্য করেন। এ সময় তিনি আবারও বলেন, নাসীরুদ্দীনের মানসিক চিকিৎসা প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, “এ ধরনের ভাষা মানসিক বিকারগ্রস্ততারই পরিচয় দেয়। রাজনীতিতে কীভাবে সৌহার্দ্য বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হয়—সেটাও তার শেখা দরকার।”

তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে সব ক্ষমতার উৎস জনগণ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের রায় দেবে, আর সেই রায়ের ওপরই তারা আস্থাশীল।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, এখন পর্যন্ত ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস ও কুরুচিপূর্ণ বক্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, “যিনি এমন বক্তব্য দিয়েছেন, তার উচিত জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তা না হলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার ও প্রার্থিতা বাতিল করা।”

এর আগে সকালে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বজনীন চিকিৎসা সংস্কার ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

দিনব্যাপী সূত্রাপুরের বিভিন্ন এলাকায় ইশরাক হোসেনের নির্বাচনী গণসংযোগ চলবে বলে জানানো হয়েছে।
উৎস: জাগোনিউজ২৪ ও এনটিভি।

 

Walton Ads