প্রত্যেক মানুষ যেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে—এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে কমবেশি প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে এবং সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তাদের অনেকের মধ্যেই এমন সব গুণ রয়েছে, যা আমাদের অনেকের নেই। সামাজিক, রাজনৈতিক কিংবা রাষ্ট্রীয়—সব অবস্থান থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে বাংলাদেশ আরও অনেক প্রতিভাবান মানুষ উপহার পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, তাদের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। শুধু সামান্য সুযোগ করে দিলেই তারা আর দশজনের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং নিজেদের প্রতিভা বিকশিত করতে পারবে। কারণ তারা সমাজের বাইরের কেউ নয়, তারাও আমাদেরই অংশ। আমাদের অনেকের পরিবারেই এমন মানুষ রয়েছেন।

এ সময় উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজকের দিনে আমরা সবাই শপথ নিই—নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াব এবং তাদের সহযোগিতা করব।

অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য রাখেন ডা. জোবাইদা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশনায় গান উপভোগ করেন। পুরো আয়োজনজুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

 

Walton Ads