বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যেই ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার রাতে রংপুর জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে নেতা-কর্মী ও সমর্থকদের সামনে এইভাবেই তারেক রহমানকে তুলে ধরেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানই হচ্ছেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, যিনি আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করবেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে বাংলাদেশ ধ্বংস করে গেছে, সেই বাংলাদেশকে আবার সামনে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান—বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়েই।’ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে তিনি দেশের দিশারি ও কান্ডারি হিসেবে উল্লেখ করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তিনি আমাদের পথ দেখিয়েছেন, আগামীতেও দেখাবেন। নির্বাসিত জীবন থেকে ফিরে এসে তিনি প্রথম যে কথা বলেছেন— “আই হ্যাভ এ প্ল্যান”, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাই তিনি আপনাদের সামনে তুলে ধরবেন। আজ সারা বাংলাদেশ তার সেই পরিকল্পনাকে গ্রহণ করেছে।’ তিনি জানান, ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন নেতৃত্বকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

নির্বাচনকে ঘিরে সতর্কবার্তাও দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সাবধান—চক্রান্ত চলছে। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মানুষ হত্যা করেছিল, সেই শক্তিই আজ আবার নির্বাচন বানচাল করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।’ এ সময় তিনি বলেন, দেশের জন্য এখন একটাই নেতৃত্ব প্রয়োজন, আর তা হলো তারেক রহমানের নেতৃত্ব—এর বিকল্প নেই। বক্তব্য শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন তিনি।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু’র সভাপতিত্বে এবং মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ ছাড়া রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রার্থীসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

 

Walton Ads