বগুড়া: বগুড়াকে বিএনপির অটুট দুর্গ বলে ডেকেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে বগুড়ার নাজ গার্ডেন হোটেলের বলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্থানীয় নেতা-কর্মীদের প্রতি বিশেষ আস্থা প্রকাশ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এই সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচনের গুরুত্ব খুব জোর দিয়ে বলেন। কয়েকজন নেতা মন্তব্য করেন যে, বগুড়ায় ধানের শীষের এত জনপ্রিয়তা যে ভোটারের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত। কিন্তু তারেক রহমান এর সঙ্গে একমত হননি।
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না। সবার কাছে যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না।”
তিনি আরও যোগ করেন, “বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে।”
তারেক রহমান এবার বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন। কিন্তু সারা দেশে নির্বাচনী প্রচারের ব্যস্ততায় নিজের আসনে বেশি সময় দিতে পারবেন না বলে জানান। নেতাদের উদ্দেশে তিনি বলেন, “অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। কিন্তু আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ সারা দেশে আমাকে যেতে হচ্ছে। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম। এই ঘাঁটির জনগণকে আপনারা দেখে রাখবেন।”
বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় তারেক রহমান প্রথমে স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। প্রায় দেড় ঘণ্টা চলা এই মতবিনিময়ে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। এছাড়া ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ।