খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বড় নির্বাচনী জনসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশকে ঘিরে খুলনার খালিশপুর এলাকার প্রভাতী বিদ্যালয় মাঠে চলছে মঞ্চ প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠজুড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) প্রভাতী স্কুল মাঠে গিয়ে দেখা যায়, মঞ্চের সামনের অংশ বাঁশ দিয়ে ঘিরে ভেতরে মঞ্চ নির্মাণের কাজ চলছে। নির্ধারিত এই মঞ্চ থেকেই নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা জানান, আজকের এই নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর খুলনার মাটিতে তার সরাসরি রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেতাকর্মীদের কাছে এটি শুধু একটি সমাবেশ নয়, বরং আবেগের প্রকাশ ও ইতিহাসের পুনরাবৃত্তি।

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর, জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী জনসভায় রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রায় ৮ লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়াসহ মোট ছয়টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সোমবার সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ শুরু হবে। তিনি বলেন, জেলা ও মহানগর মিলিয়ে ৭ থেকে ৮ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে।

খুলনা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনসভায় দলের চেয়ারম্যান তিন জেলা ও মহানগরের ধানের শীষের সব প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। পাশাপাশি খুলনাসহ আশপাশের এলাকার উন্নয়ন নিয়েও তিনি কথা বলবেন। তারেক রহমানের আগমন ঘিরে যে জনসমর্থনের ঢেউ উঠবে, তা নির্বাচনের শেষ পর্যায়ের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোহিদুজ্জামান জানান, জনসমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আগতদের যাতায়াতের সব সড়ক সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

 

news