মনিরুল ইসলাম: বাংলাদেশের আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন পেলে ফরিদপুরকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা এবং এলাকার কৃষি ব্যবস্থাপনা আধুনিকীকরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত জনসভায় তিনি এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “ফরিদপুরবাসীর সমস্যা সমাধান হবে, জনগণ আমাদের সমর্থন দিলে ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে।” তিনি আরও জানান, বৃহত্তর ফরিদপুর একটি কৃষিপ্রধান অঞ্চল এবং পাট শিল্প এই অঞ্চলের অন্যতম প্রধান খাত। ক্ষমতায় এলে বিএনপি পাট রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনা করছে।
আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগের মাধ্যমে ফরিদপুরের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “ফরিদপুর অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির সমস্যা সমাধান করা যায়। জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। আমাদের হাতে জনসমর্থন থাকলে যে কোনো বড় উন্নয়ন করা সম্ভব।”
স্থানীয় কর্মসংস্থান বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা কৃষি ও শিল্প খাত একসাথে বিকাশ করব, যাতে স্থানীয় মানুষ কর্মসংস্থানের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।”
নারী উন্নয়নের প্রসঙ্গেও তিনি জানান, “দেশের অর্ধেক নারী যদি পিছিয়ে থাকে, আমরা সামনের দিকে অগ্রসর হতে পারব না। তাই প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যাতে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।”
তারেক রহমান আরও জানান, গ্রামে গ্রামে হেলথ কেয়ার সেবা পৌঁছে দেওয়া হবে, যাতে ছোট রোগের চিকিৎসা সহজেই দেওয়া যায় এবং জনগণের স্বাস্থ্য নিশ্চিত হয়।
