বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। দীর্ঘ ২২ বছর পর শনিবার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই সফর ঘিরে পুরো জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৮ ডিসেম্বর সর্বশেষ ঠাকুরগাঁও গিয়েছিলেন তারেক রহমান। এতদিন পর তাঁর আগমনকে কেন্দ্র করে জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলটি। শুক্রবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পাশাপাশি নেতাকর্মী ও সমর্থকদের জনসভায় যোগ দিতে মাঠপর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। এরপর বেলা ১১টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। পরে বেলা ১টার দিকে নীলফামারীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন শুক্রবার বেলা ১১টার দিকে জনসভাস্থলের প্রস্তুতি দেখতে মাঠে আসেন। সেখানে তিনি বলেন,
‘দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে আসছেন। এই খবরে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা মনে করি, শনিবারের এই জনসভা পিছিয়ে থাকা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের পথে একটি বড় মাইলফলক হবে।’
তিনি আরও জানান, তারেক রহমানের আগমন ঘিরে জেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। তাঁর আশা, শনিবার জনসভা উপলক্ষে পুরো শহর জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশে জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের পাশাপাশি পঞ্চগড় ও দিনাজপুরের একটি করে আসনের প্রার্থীরাও উপস্থিত থাকবেন।
এদিকে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের দাবিতে তারেক রহমানের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ঠাকুরগাঁওয়ে ইপিজেড স্থাপন, বন্ধ থাকা বিমানবন্দর চালু, মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ প্রযুক্তিকেন্দ্র স্থাপন এবং কর্মসংস্থান তৈরির জন্য কলকারখানা স্থাপন।
