বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তিনি বলেন, দেশের সংবিধানের সপ্তম অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে—প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। কিন্তু পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট চক্র জনগণের কাছ থেকে সেই রাষ্ট্রের মালিকানা ছিনিয়ে নিয়েছিল।
তারেক রহমানের ভাষায়, ওই চক্র জনগণের সব গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। দীর্ঘ সময় ধরে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল। তবে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় এবং হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আবারও জনগণের কাছেই রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্রক্ষণ সামনে এসেছে।
তিনি আরও বলেন, এই সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বহু ত্যাগের পর জনগণ আবার তাদের সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
আগামী কর্মসূচি প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি গণতন্ত্রকামী জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।” এই নির্বাচনকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।