রাজধানীতে টানা দুই দিনে ১৫টি জনসভা করার পর মা-বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির শেষে আবেগঘন এই মুহূর্ত ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয় বিশেষ অনুভূতি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জিয়া উদ্যানে গিয়ে তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে শেষ হয় তার নির্বাচনী প্রচারণা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। প্রচারণার শুরুতেই তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।
দীর্ঘ এই প্রচারণা সফরে দেশের বিভিন্ন অঞ্চলে জনসভা ও রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। প্রচারণার শেষ দিনে মা-বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে তার এই সফর শেষ হওয়াকে অনেকেই দেখছেন প্রতীকী ও মানবিক এক বার্তা হিসেবে।