ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।

জারদারি তার বার্তায় বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।

শুধু পাকিস্তান নয়, ভারতের দিক থেকেও এসেছে অভিনন্দন বার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোদি লেখেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এ বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।”

সব মিলিয়ে, নির্বাচনে বিজয়ের পরপরই পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন বার্তা নতুন কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব কী হতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

 

Walton Ads