ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপির হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারারাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জানতে পেরেছি, দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন, তাদের অনেকেই জয় পেয়েছেন।”
তিনি আরও বলেন, “এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর ওপর অর্পণ করেছেন।”
নির্বাচনী পরিবেশ নিয়ে শতভাগ সন্তুষ্ট কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদেরও বড় ক্ষতি হয়েছে। তবে এবার আল্লাহর মেহেরবানিতে তেমন কিছু হয়নি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটি পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। তবে আমরা আশা করি, আগামীতে জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারবো।”
আপিল বিভাগের আদেশের কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল এখনো ঘোষণা না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আদালত যখন সিদ্ধান্ত দেবে, তখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে।
তিনি যোগ করেন, “এই দুই-তিনটি আসন বাদ দিয়েও বিএনপির সরকার গঠনে কোনো অসুবিধা নেই।”
বিএনপির প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, “আমরা ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। ধারণা ছিল, আমাদের সব প্রার্থীই জয়ী হবে। এমনকি যারা কম ভোট পান, তারাও জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের ফল আরও ভালো হবে।”