৪৭ বছরের এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনটি পুনরুদ্ধার করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে লিখেছেন এক নতুন ইতিহাস ।

বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বাচ্চু এই আসনে পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা এহসানুল হক পেয়েছেন মাত্র ১ লাখ ৫৩৯ ভোট। প্রায় দেড় লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি ।

গাজীপুর-৩ আসনে বিএনপির শেষ জয়ের সাক্ষী ১৯৭৯ সাল। ওই বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন বিএনপির তৎকালীন কোষাধ্যক্ষ কালিয়াকৈরের চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। এরপর দীর্ঘ ৪৭ বছর ধরে এ আসনে জাপা এবং পরে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করে আসছিল ।

শুধু আসন পুনরুদ্ধারই নয়, স্বাধীনতার পর প্রথমবারের মতো শ্রীপুরের বাসিন্দা হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে জয়লাভ করে আরেকটি রেকর্ড গড়েছেন ডা. বাচ্চু। বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "শ্রীপুরবাসীর জন্য এ বিজয় এক অন্যরকম অনুভূতি। দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার প্রয়োগ, গাজীপুর-৩ আসনে শ্রীপুরের বাসিন্দা হিসেবে প্রথম বিজয় এবং ৪৭ বছর পর এ আসনটি পুনরুদ্ধার—বিজয়ের এক আনন্দের সঙ্গে একাধিক আনন্দ যুক্ত হয়েছে" ।

শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এসএম রুহুল আমিন এই জয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৯ সালের পর এ আসনে বিএনপির কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি। সেই দীর্ঘ খরা কাটিয়ে ডা. বাচ্চুর এই জয় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার এনেছে ।

ডা. বাচ্চু তার এই জয়ের সাফল্য ধরে রাখতে সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন ।

 

news