ঢাকা: রাজধানীর রাজনৈতিক অঙ্গনে রোববার রাতটা যেন ছিল বেশ তাৎপর্যপূর্ণ। সৌজন্য সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর সেখানে পৌঁছেই নাহিদ ইসলাম ও সারজিস আলমকে বুকে টেনে নেন তিনি—যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদের বাসায় পৌঁছান তারেক রহমান। এর আগে নাহিদের বাসার সামনে গাড়ি থেকে নামেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-1 আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের পরাজিত প্রার্থী সারজিস আলম। গাড়ি থেকে নামার পর দুজনকে দেখে আন্তরিকভাবে বুকে টেনে নেন বিএনপি চেয়ারম্যান।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতেই দেখা যায়, হাসিমুখে শুভেচ্ছা বিনিময় ও আলিঙ্গনের দৃশ্য। রাজনৈতিক অঙ্গনে যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাদের উপস্থিতিও সাক্ষাৎকে বাড়তি গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন অনেকে।
এর আগে একই সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় গিয়ে কুশল বিনিময় করেন তিনি। সেখান থেকে বেরিয়েই নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারম্যান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরপর একাধিক সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বহন করতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখা হচ্ছে।
