ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। এমন সময় রাজধানীতে একের পর এক সৌজন্য সাক্ষাৎ ঘিরে বাড়ছে আলোচনা। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে যান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান চরমোনাই পীর। সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক, তবে রাজনৈতিক অঙ্গনে এর তাৎপর্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ। দুই পক্ষের শীর্ষ নেতাদের উপস্থিতি সাক্ষাৎকে আরও গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ধারাবাহিক এসব বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের এই ধারাবাহিক সাক্ষাৎগুলোকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই দেখছেন অনেকে।

 

news