নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ করলেন। এরপর চন্দ্রিমা উদ্যানে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানালেন।
ঢাকা: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন। জিয়ারত শেষে মোনাজাত করা হয়। বুধবার দুপুর ১২টার ৫ মিনিটের দিকে তিনি শ্রদ্ধা জানান ।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন ।
শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান ।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি 'পারিজাত' ফুলের চারা রোপণ করেন তিনি ।
