প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আজ রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।
পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো মাস জুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছেন জাইমা রহমান। আজকের ইফতার মাহফিল ছিল সেই উদ্যোগেরই একটা অংশ।
এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা এই মাহফিলে অংশ নেন। মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন মন দিয়ে শোনেন। পরে ইফতারে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।
ইফতারের আগে সবাই মিলে দোয়া ও মোনাজাত করেন। তারপর একসঙ্গে ইফতার করে সবাই। এই উদ্যোগে এলাকার শিশু ও নারীদের মুখে হাসি ফুটেছে, যা দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন।
