১৯ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে পাকিস্তানে এশিয়া কাপ হওয়া কথা থাকলেও দেশটিতে ভারত যেতে না চাওয়ায় বিপাকে পড়ে পিসিবি। এর জাবাবে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। দুই দেশের বাকযুদ্ধে এশিয়া কাপ ও বিশ্বকাপের সূচি প্রকাশ করতে বিপাকে পড়ে এসিসি এবং আইসিসি। তবে সব নাটকীয়তা শেষে বিশ্বকাপের সূচি প্রস্তুত করেছে বিসিসিআই। এখনো সূচি চূড়ান্ত না হলেও বিসিসিআই বিশ্বকাপের জন্য একটি খসড়া সূচি ইতোমধ্যে আইসিসির কাছে পাঠিয়েছে।

সেখানে গ্রুপপর্বে বাংলাদেশের বড় দুটি ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হতে পারে চূড়ান্ত সূচি।

জানা গেছে, বিসিসিআইয়ের খসড়া সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কেননা, লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজক।

জানা যাচ্ছে, ভারত তাদের গ্রুপ পর্বের বাকি ৮টি ম্যাচ ৮টি ভিন্ন ভেন্যুতে খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে।

খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ আগামী ৩১ অক্টোবর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads