ভারতকে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এরপর সিরিজে ঘুরে দাঁড়ায় ভারত। টানা দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ম্যান ইন ব্লুরা। সুযোগ ছিল টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড গড়ার। তবে সেটা হতে দেননি ক্যারিবীয় ব্যাটসম্যান ব্রেন্ডন কিং।
রোববার (১৩ আগস্ট) তার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে পাঁচ ম্যাচ সিরিজটি ৩-২ ব্যবধান জিতে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
লডারহিলে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৭ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। কিন্তু এরপর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যানের ৬১ রান এবং তিলাক বর্মা, স্যামসন এবং হার্দিক পান্ডিয়ার ছোট ছোট ক্যামিওতে ৯ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩১ রান খরচায় ৪ উইকেট নেন রোমারিও শেফার্ড।
জবাবে রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারালেও নিকোলাস পুরানকে নিয়ে ১০৭ রানের পুঁজি করেন ব্রেন্ডন কিং। পুরান ৪৭ রানে কাটা পরলেও, অপরপ্রান্তে বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন কিং। শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন কিং। তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে। কিংয়ের ইনিংসটি সাজানো ছিল ছয়টি ছক্কা ও ৫টি চারের মার। এছাড়াও শাই হোপ শেষে নেমে ১৩ বল খেলে অপরাজিত ছিলেন ২২ রানে।
৮ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় তুলে নেয়ার পাশাপাশি সিরিজটিও নিজেদের করে নেয় ক্যারিবীয়রা। ঝড়ো ইনিংস খেললেও ম্যাচ সেরার পুরস্কার গিয়েছে শেফার্ডের হাতে। আর সিরিজ সেরা হয়েছেন নিকোলাস পুরান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি