শেখ রাসেল ক্রীড়া চক্রের নতুন কোচ ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি

 আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ দলের দায়িত্বে আছেন শেখ রাসেলের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। যে কারণে তার বদলে নতুন বিদেশী কোচ নিয়োগ দিয়েছে ক্লাবটি। ১ বছরের জন্য শেখ রাসেলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন মেসিডোনিয়ান কোচ ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি।

২০২১-২০২২ মৌসুমে শেখ রাসেলের ক্রীড়া চক্রের দায়িত্বে ছিলেন সাইফুল বারী টিটু। তবে পারফর্ম্যান্সের কারণে গত বছরের মার্চে প্রধান কোচ টিটুকে বরখাস্ত করে ক্লাবটি। এরপর হেড কোচের দায়িত্বে আসেন টিটুর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করা জুলফিকার মাহমুদ মিন্টু। তার অধীনে রাসেলের খেলার মাঠের চিত্র বদলে যায়।

এবারের ঘরোয়া মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে থেকে শেষ করে শেখ রাসেল। এরপর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, নতুন মৌসুমে নতুন ভাবে সামনে আসবে তারা। তারই ধারাবাহিকতায় এবার বিদেশী কোচ ত্রেনচোভস্কিকে নিয়োগ দিয়েছে রাসেল। আগামী মৌসুমে বাংলাদেশের ক্লাবটির ডাগ আউটে দেখা যাবে তাকে।

ইয়োগোস্লাভ ত্রেনচোভস্কি সৌদি আরবের প্রথম বিভাগের ক্লাব আল ওরোবার সহকারি কোচের দায়িত্বে ছিলেন। এর আগে কুয়েতের ক্লাব আল আরাবি এসসি’রও দায়িত্বে ছিলেন তিনি।

শেখ রাসেলের ডিরেক্টর অব ফিন্যান্স মোঃ ফখরুদ্দিন বলেন, আমরা নতুন মৌসুমে আরও শক্তিশালী ভাবে মাঠে আসতে চাই। ইয়োগোস্লাভের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তার সব পেপারস রেডি করা হচ্ছে। ভিসা পেলে সে দেশে আসবে।

নতুন মৌসুমের জন্য সব ক্লাবের সঙ্গে পাল্লা দিয়েই দল গোছানোর কাজ করছে শেখ রাসেল। নতুন কোচ আসলে তার মতামতের উপর ভিত্তি করে আসতে পারে আরও কিছু পরিবর্তনও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads