নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো আরব আমিরাত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিলো আরব আমিরাতকে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আরব আমিরাত। এতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফেরালো তারা।
শনিবার রাতে (১৯ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪২ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন মার্ক চ্যাপম্যান। জবাবে আরব আমিরাত ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
জবাবে মোহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বল আগে ম্যাচ জিতে নেয় আরব আমিরাত। ওয়াসিম হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেরেন ৫৫ রানে। তবে আসিফ ৪৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। এই ফরম্যাটে প্রথমবার টেস্ট না খেলা কোনো দেশের কাছে হারের স্বাদ পেলো নিউজিল্যান্ড।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা কিউই ব্যাটারদের শুরুতেই চাপে ফেলে স্বাগতিকরা। আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ও আরিয়ান আফজাল খানের নৈপুণ্যে দলীয় ১৪ রানের নিজেদের প্রথম উইকেট হারানো নিউজিল্যান্ড মাত্র ৩৮ রানেই ৪ উইকেট হারায়। টিম সেইফার্ট ৭, মিচেল স্যান্টনার ১ ও চাদ বয়েস ২১ রান করেন। অন্যদিকে রানের খাতাই খুলতে পারেননি ড্যান ক্লেভার।
পঞ্চম উইকেট জুটিতে মার্ক চ্যাপমান ও কোল ম্যাককোঞ্চিয়ে মিলে ২৭ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু দলীয় ৬৫ রানে ১৪ বলে ৯ রান করে ম্যাককোঞ্চিয়ে বিদায় নিলে বিপদ বাড়ে নিউজিল্যান্ডের। সেখান থেকে দলকে বিপদমুক্ত করেন চ্যাপম্যান ও নিশাম। ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন তারা। নিশাম ১৭ বলে ২১ রান করে বিদায় নিলে ভাঙে জুটি।
শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় তারা। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে অষ্টম উইকেট হিসেবে চ্যাপম্যান আউট হওয়ার আগে ৪৬ বলে ৬৩ রান করেন তিনি। তার নৈপুণ্যেই শেষ পর্যন্ত ১৪২ রান করতে পারে কিউইরা।
নিউজিল্যান্ডের পক্ষে স্যান্টনার, জেমিসন ও সাউদি ১টি করে উইকেট শিকার করেন। আজ সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি