বেলিংহ্যামের গোলে সেলতা ভিগোকে হারালো রিয়াল মাদ্রিদ
অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জয়ের দেখা পেলো। পেনাল্টিতে রদ্রিগোর ব্যর্থতার পর মনে হচ্ছিল থামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের জয়রথ। কিন্তু দলের খুব প্রয়োজনের সময় ফের এগিয়ে এলেন জুড বেলিংহ্যাম। অভিষেকের পর থেকে ইউরোপের সফলতম দলটিতে দুর্দান্ত সময় কাটানো ইংলিশ মিডফিল্ডার গড়ে দিলেন ব্যবধান। তার নৈপুণ্যে সেলতা ভিগোকে হারালো কার্লো আনচেলত্তির দল।
লা লিগার ম্যাচে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে রিয়াল। তিন ম্যাচে এটি তাদের তৃতীয় জয়, সেলতার দ্বিতীয় হার।
ঘরের মাঠে দারুণ শুরু করা সেলতা তৃতীয় মিনিটেই রিয়ালের জালে বল পাঠায়। তবে গোল মেলেনি, ভিএআর মনিটরে রিপ্লে দেখে ফাউলের বাঁশি বাজার রেফারি। কর্নারের সময় অভিষিক্ত গোলরক্ষক কেপা আরিসাবালাগাকে ফাউল করেছিলেন স্বাগতিক ফরোয়ার্ড ইয়োর্গেন লারসেন।
টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে রায়ো ভাইয়েকানো ও ভালেন্সিয়া। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি
