পাকিস্তান নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি২০আই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্বে রয়েছেন ফাতিমা সানা। ২০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান আইমান ফাতিমা প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন।
গত মে মাসে করাচিতে অনুষ্ঠিত জাতীয় নারী টি২০ টুর্নামেন্টে ১৫৫.১৪ স্ট্রাইক রেটে ২৮৭ রান করার পর আইমানের নির্বাচন হয়েছে। ২৪ জন খেলোয়াড়ের দক্ষতা ক্যাম্প থেকে এই দল চূড়ান্ত করা হয়েছে। দলটি ৬-১০ আগস্ট ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে সিরিজ খেলবে।
পাকিস্তান দলে রয়েছেন ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়না বেগ, আইমান ফাতিমা, গুল ফিরোজা, মুনিবা আলী, নাজিহা আলভি (উইকেটকিপার), নাশরা সুন্দু, নাতালিয়া পারভেজ, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদ্রা আমিন, তুবা হাসান ও ওয়াহিদা আখতার।
আইমান ফাতিমা ২০০৪ সালের ১২ অক্টোবর সারগোদায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান আন্ডার-১৯ ও আমাজনস দলের হয়ে খেলেছেন। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের বিপক্ষে পাকিস্তান এ দলের জার্সিও গেছেন তার।
২০২৩ সালে প্রথম আইসিসি নারী আন্ডার-১৯ বিশ্বকাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন আইমান। করাচিতে প্রি-সিরিজ ক্যাম্প শেষে দল আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। এই সিরিজে পাকিস্তান তাদের নতুন প্রতিভাদের পরীক্ষা করতে চাইছে।