লুইস সুয়ারেস বলেছেন, তার ইচ্ছা মেসির সঙ্গে একসাথে ফুটবলের মাঠ থেকে বিদায় নেওয়ার। বার্সেলোনায় ছয় বছরের অসাধারণ জুটি হয়ে শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে আবার মিলিত হওয়া এই দুই তারকা এখন ৩৮ বছর বয়সী। চুক্তি নবায়ন ও ভবিষ্যতের ওপর নির্ভর করে তাদের অবসরের সম্ভাবনা, তবে সুয়ারেস এ মুহূর্তে শুধু খেলায় মনোযোগ দিতে চান।
লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের জুটি প্রথম গড়ে উঠেছিল বার্সেলোনায়। কাতালান ক্লাবের হয়ে একসাথে ছয় বছর খেলার পর তারা বিচ্ছেদ ঘটে। তবে ২০২৩ সালের জুলাইয়ে মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দেন, তখন সুয়ারেসও ২০২৪ সালে একই ক্লাবে যোগ দিয়ে আবার মাঠ মাতাতে শুরু করেন।
মেসি ও সুয়ারেস দু’জনই এখন ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে। এ কারণে প্রায়ই তাদের অবসরের কথা ওঠে। মঙ্গলবার সুয়ারেস বলেন, “আমরা দু’জনই যথেষ্ট বয়স্ক। প্রত্যেকের সিদ্ধান্ত নিজেদের মতো করে নিতে হবে। আমি এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না। তবে আমি মেসির সঙ্গে একসাথে অবসর নিতে চাই, কারণ বহু বছর ধরে আমরা এ বিষয়ে কথা বলছি।”
সুয়ারেস আরও জানান, “সবকিছু চুক্তি নবায়ন ও ক্লাবের পরিকল্পনার ওপর নির্ভর করছে। আমরা সময়মতো সঠিক সিদ্ধান্ত নেব।” মেসি ও সুয়ারেস দু’জনের চুক্তি মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৫ মৌসুম শেষে শেষ হবে। তবে ক্লাব ও মেসির মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে।
বর্তমানে সুয়ারেসের প্রধান ফোকাস হলো খেলায় মনোযোগ রাখা। তিনি বলেন, “আমি খুশি, ভালো আছি, শারীরিকভাবে ভালো অনুভব করছি। আমি মনে করি আমি দলকে সাহায্য করছি। ক্লাব যদি চায়, কোনো সমস্যা হবে না। আমাদের দু’জনকে একই পথে থাকতে হবে, ইন্টার যেন ক্লাব হিসেবে বেড়ে ওঠে, ভালো খেলোয়াড় আনা অব্যাহত থাকে, আর লিগ যেন বৃদ্ধি পায়—এটাই গুরুত্বপূর্ণ।”
শেষমেশ, সুয়ারেস বলেন, “ফুটবলে সবসময় পরিকল্পনা থাকে। কখনও ভালো হয়, কখনও খারাপ। আমি এখন এই ছোট সময়টুকু এখানে উপভোগ করতে চাই। এরপর দেখা যাবে কী হয়।”
