স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত লড়াই করেও শেষ রক্ষা হলো না ব্রাজিলের। এল আলতের উচ্চতার কারণে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি তারা। এই সুযোগে এগিয়ে আসে স্বাগতিক বলিভিয়া। বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে তারা ব্রাজিলকে অনেক দূরে সরিয়ে রেখেছিল।
বলিভিয়া গোলের জন্য ২৩টি শট নিয়েছে, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিলের ১০টি শটের মাত্র তিনটি লক্ষ্যভেদ করেছে।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের বাড়ানো সময়ে। পেনাল্টি থেকে গোল করে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ব্রাজিলের গোলকিপার আলিসন ঠিক দিক ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া রোধ করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে বলিভিয়া বেশি সুযোগ তৈরি করলেও, ব্রাজিলও কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে জয় পেয়ে প্লে-অফে জায়গা করে নেয় বলিভিয়া।
১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছে বাছাইপর্ব। বিশ্বকাপে খেলার যোগ্যতা আগেই নিশ্চিত করেছিল কার্লো আনচেলত্তির দল।
অপরদিকে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে বলিভিয়া টেবিলের ৭ নম্বরে থেকে লাতিন আমেরিকা অঞ্চলের প্লে-অফে জায়গা করে নিয়েছে।