গত মৌসুমে দুর্দান্ত খেলেও ইউসিএল শিরোপা জেতা হয়নি বার্সেলোনার। সেমিফাইনালে অ্যাগ্রিগেটে ৪-৩ গোলে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেয় তারা। সেই ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখানোর কারণে প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এবং সহকারী কোচ মার্কাস সর্গকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা।

তবে শেষ মুহূর্তে মিলল সুখবর। বার্সার করা আপিলের পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের সেই শাস্তি স্থগিত করেছে। ফলে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের বিপক্ষে প্রথম ম্যাচেই ডাগআউটে ফিরবেন ফ্লিক ও সর্গ।

উয়েফা জানিয়েছে, দুই কোচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে আবার আচরণবিধি ভাঙলে সরাসরি কার্যকর হবে এক ম্যাচের নিষেধাজ্ঞা। তবে আর্থিক জরিমানা থেকে রেহাই পাচ্ছে না ব্লুগ্রানা। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ) জরিমানা গুনতে হবে বার্সাকে।

গত মে মাসে অনুষ্ঠিত ফিরতি সেমিফাইনালে ইন্টারের বিপক্ষে রেফারির কয়েকটি সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফ্লিক ও সর্গ। এমনকি সংবাদ সম্মেলনেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ফ্লিক। সেটিই আচরণবিধি ভঙ্গ হিসেবে ধরে শাস্তি দিয়েছিল উয়েফা।

শুধু কোচদের নয়, বার্সার দুই তারকা লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান্ডফস্কিও শাস্তি পেয়েছেন। অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ না মানায় তাদেরকে ৫ হাজার ইউরো (প্রায় ৭ লাখ টাকা) করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মাঠে দর্শকদের অসভ্য আচরণেও জরিমানা গুনতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। বস্তু নিক্ষেপের জন্য ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি পোড়ানোর কারণে আরও ২ হাজার ৫০০ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে। সব মিলিয়ে বার্সেলোনাকে দর্শক-সংক্রান্ত কারণে গুনতে হচ্ছে প্রায় ১১ লাখ টাকা (৭,৭৫০ ইউরো)।

অবশ্য শাস্তি স্থগিত হওয়ায় নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে বার্সা, যা সমর্থকদের জন্য বড় স্বস্তি।

 

Walton Ads