ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে থাকলেও অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত একটি সেঞ্চুরিও করতে পারেননি। তবে সাবেক অজি ওপেনার ম্যাথিউ হেইডেন বিশ্বাস করেন, এবারের অ্যাশেজে সেই খরা কাটবেই। আর না হলে? তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটবেন!
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪ টেস্টের ৬৫ ইনিংসে রুট করেছেন ২,৪২৮ রান, গড় ৪০.৪৬। এর মধ্যে ১৮টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি আছে, তবে সবই ঘরের মাঠে। অস্ট্রেলিয়ায় খেলা ১৪ টেস্টে ২৭ ইনিংসে কখনও তিন অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি। সর্বোচ্চ স্কোর ৮৯ রান, ২০২১ সালের ব্রিসবেনে।
তবে রুটের সাম্প্রতিক ফর্ম বলছে অন্যকথা। ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি রান (৫,৭২০) এসেছে তার ব্যাট থেকে—২২টি সেঞ্চুরি সহ। এমনকি আর কোনো ব্যাটার সাড়ে ৩ হাজার রানও করতে পারেননি এই সময়ে। চলতি বছরও ১০ ইনিংসে ৫৭১ রান, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি।
এই ফর্ম দেখেই হেইডেন মনে করেন, রুটকে থামানো কঠিন হবে। এক পডকাস্টে তিনি বলেন,
“রুট ইংল্যান্ড দলের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমি বিশ্বাসই করতে পারছি না যে তাকে বাদ দেওয়া হয়েছে। যদি এবার অস্ট্রেলিয়ায় সে সেঞ্চুরি না করতে পারে, তাহলে আমি এমসিজি নগ্ন হয়ে হাঁটব।”
হেইডেনের এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অল ওভার বার দ্য ক্রিকেটের ইনস্টাগ্রাম পোস্টে রুটকে ট্যাগ করে তার মেয়ে গ্রেইস হেইডেনও লিখেছেন—“এইবার সেঞ্চুরি দাও।”
অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির অপেক্ষায় থাকা রুট এবার কি হেইডেনকে লজ্জায় ফেলবেন, নাকি নতুন বিতর্ক জন্ম নেবে—এখন সেটাই দেখার অপেক্ষা।
