লা লিগার মঞ্চে যেনো গোলের আতশবাজি ছড়াল বার্সেলোনা। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে একেবারেই দম ছাড়তে দেয়নি কাতালান জায়ান্টরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো তাদের দাপট, আর ফলাফল—৬-০ গোলের বিশাল জয়।

ভ্যালেন্সিয়া শুধু গোল করতেই ব্যর্থ হয়নি, সুযোগ তৈরি করতেও পারেনি। পুরো ম্যাচজুড়ে ছিল তাদের অসহায় আত্মসমর্পণ। অন্যদিকে বার্সার হয়ে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে করেছেন দুইটি করে গোল।

এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে বড় লাফ দিয়েছে বার্সেলোনা। পাঁচ নম্বর থেকে উঠে এসেছে একেবারে দুইয়ে। ৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ১০। শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, ১২ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট সংগ্রহ করে ভ্যালেন্সিয়া অবস্থান করছে ১৫ নম্বরে।

প্রথমার্ধে গোলের খাতা খোলার জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ২৯ মিনিট পর্যন্ত। ফেরান তোরেসের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে ফারমিন লোপেজ প্রথম গোল এনে দেন। বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোল হয়নি।

তবে দ্বিতীয়ার্ধে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে গোলের বন্যা বইয়ে দেয় বার্সেলোনা। বদলি হিসেবে নামা রাফিনহা ৫৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পর লোপেজের বুলেট গতির শটে আসে তার জোড়া গোল। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে ভ্যালেন্সিয়া গোলরক্ষক কোনোভাবেই ঠেকাতে পারেননি।

৬৬ মিনিটে লোপেজের বাড়ানো বল থেকে রাফিনহা নিজের দ্বিতীয় গোলটি করেন। চমৎকার নিয়ন্ত্রণে ডিফেন্ডারদের কাটিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন তিনি।

শেষ মুহূর্তে মাঠে নামা রবার্ট লেভান্ডোভস্কিও পিছিয়ে থাকেননি। ম্যাচের শেষ দুই গোল এসেছে তার জাদুকরী পা থেকে, যা ভ্যালেন্সিয়ার কষ্ট আরও বাড়িয়ে দেয়।

 

Walton Ads