এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো এবং সাজঘরের দরজা বন্ধ করার ঘটনায় এবার আর শুধু মৌখিক প্রতিবাদ নয়, সরাসরি সরকারি অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

‘হিন্দুস্তান টাইমস’-এর রিপোর্টে দাবি করা হয়েছে, হোয়াটসঅ্যাপে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। পিসিবির মতে, ভারতের আচরণ খেলোয়াড়সুলভ মানসিকতার পরিপন্থী এবং বিষয়টি তারা ভালোভাবে নেয়নি। এজন্যই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে এই অভিযোগে ফল মিলবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ, আগেই পিসিবিই জানিয়েছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করেছিলেন। যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে রেফারির রিপোর্টে ভারতের বিরুদ্ধে কিছু খারাপ লেখা হবে না। বরং সিদ্ধান্ত যেতে পারে ভারতের পক্ষেই।

ঘটনাটি ঘটে ম্যাচ শুরুর আগে। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পাকিস্তানকে হারানোর পর সূর্যকুমার ও শিভম দুবে সরাসরি সাজঘরে ঢুকে যান, কারও সঙ্গেই হাত মেলাননি। এমনকি, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গেও নয়।

সাধারণত ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলান—যা খেলোয়াড়ি মানসিকতার প্রতীক। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে এই দৃশ্য অনুপস্থিত ছিল। পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতের সাজঘরের দরজায় গেলেও ভেতরে ঢুকতে পারেননি, কারণ দরজা বন্ধ ছিল।

 

news