লিসবনে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ১–০ গোলে হারিয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে পর্তুগাল। ম্যাচে রোমাঞ্চের সব উপাদান ছিল—রোনালদোর পেনাল্টি মিস, আয়ারল্যান্ড গোলরক্ষকের বীরত্ব এবং শেষ মুহূর্তে রুবেন নেভেসের জয়সূচক গোল।
রবার্তো মার্টিনেসের দল শুরু থেকেই আধিপত্য দেখায়। একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ১৭তম মিনিটে রোনালদোর শট পোস্টে লেগে ফিরে আসে। ৭৫তম মিনিটে তার নেওয়া পেনাল্টি আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওইমিন কেলাহার দারুণভাবে ঠেকান।
রোনালদো নিজের দেশের হয়ে সর্বোচ্চ গোলসংখ্যা বৃদ্ধির সুযোগ খুঁজছিলেন, কিন্তু আয়ারল্যান্ডের গোলরক্ষক ছিলেন অনবদ্য। তিনিই ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়। তিনি শুধু রোনালদোর পেনাল্টিই নয়, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও বের্নার্দো সিলভার শটও থামান। পর্তুগালের একের পর এক আক্রমণ ব্যর্থ হয়ে হতাশা বাড়তে থাকে।
আয়ারল্যান্ডের আক্রমণও প্রায় ছিল শূন্যের কোটায়। ম্যাচের ১৩তম মিনিটে এবোসেলে একবার পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তাকে পরীক্ষা দেন। এরপর পুরো ম্যাচজুড়ে তারা মূলত রক্ষণে ব্যস্ত ছিল, আর বলের নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের হাতে।
অবশেষে ৯০তম মিনিটে পর্তুগালকে মুক্তি দেয় রুবেন নেভেস। আল হিলালের এই মিডফিল্ডার ফ্রান্সিসকো ট্রিনকাওয়ের ক্রস থেকে হেডে গোল করে জয় নিশ্চিত করেন। গোল উদ্যাপনের সময় নেভেস প্রয়াত বন্ধু দিয়োগো জোটাকে শ্রদ্ধা জানিয়ে তার পায়ে থাকা ট্যাটু দেখান।
এ ফলাফলের পর গ্রুপ ‘এফ’-এ তিন ম্যাচে তিন জয় নিয়ে পর্তুগাল শীর্ষে, দ্বিতীয় স্থানে আছে হাঙ্গেরি ৪ পয়েন্টে, আর্মেনিয়া ৩ পয়েন্টে এবং আয়ারল্যান্ড ১ পয়েন্টে। পর্তুগালের পরের ম্যাচও লিসবনে, প্রতিপক্ষ হাঙ্গেরি।