লাতিন রঙে রাঙানো রাত! ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দারুণ ফুটবলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। রোববার (১২ অক্টোবর) চিলির সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেয় জুনিয়র আলবিসেলেস্তেরা।
২০০৭ সালের পর এই প্রথম যুব বিশ্বকাপের শেষ চারে উঠল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গত সাত আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা অর্জন ছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। অবশেষে সেই খরা কাটল তাদের তরুণ যোদ্ধাদের হাত ধরে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল সমানে সমান লড়াই। কিন্তু নবম মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। মাহির কারিজোর নিখুঁত শটে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর মেক্সিকো আক্রমণ চালিয়ে গেলেও বারবার ব্যর্থ হয় আর্জেন্টিনার মজবুত রক্ষণভাগের সামনে।
মেক্সিকো বল দখলে এগিয়ে থাকলেও (৬৭ শতাংশ), গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। তারা ১২টি শট নেয়, কিন্তু মাত্র দুটি ছিল টার্গেটে—তাতেও গোলের দেখা মেলেনি।
বিরতির পর ৫৬তম মিনিটে আর্জেন্টিনার হয়ে মাত্তেও সিলভেত্তি করেন ম্যাচের দ্বিতীয় গোল। সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। বাকি সময় গোল শোধের চেষ্টা করেও ব্যর্থ হয় মেক্সিকো।
শেষ মুহূর্তে উত্তেজনা চরমে ওঠে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর দিয়েগো ওচোয়া দুই হলুদ কার্ডের যোগফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সপ্তম মিনিটে তাহিয়েল জিমেনেজ সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টাইন খেলোয়াড় সিলভেত্তির গলা চেপে ধরার অপরাধে।
এই জয়ে আর্জেন্টিনা এখন সেমিফাইনালে। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া।