বিশ্বজয়ী লিওনেল মেসি ও তাঁর আর্জেন্টিনা দলকে ভারতীয় ভক্তরা চোখের সামনে দেখার জন্য যে অপেক্ষা করছিলেন, তা হয়তো এখন বিফলে যেতে চলেছে। নভেম্বরে নির্ধারিত আর্জেন্টিনার ভারত সফর বাতিলের শঙ্কা দেখা দিয়েছে।

লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল ইতোমধ্যেই আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। মূলত ভারতের কেরালায় তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচ আয়োজনের কথা ছিল। কিন্তু এখন টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হচ্ছে, সেটি আফ্রিকায় সরিয়ে নেওয়া হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রীতি ম্যাচের নতুন প্রতিপক্ষ হিসেবে মরক্কোর নাম উঠে আসছে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং ২০২৬ বিশ্বকাপের নিশ্চিত অংশগ্রহণকারী মরক্কো দলের বিপক্ষে খেলতে চায় আর্জেন্টিনা। টুর্নামেন্টের আগে শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের যাচাই করতে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি মেসিকে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দেখা যায়নি। বিষয়টি নিয়ে স্কালোনি জানান, এটি কোচ ও খেলোয়াড়ের পারস্পরিক সিদ্ধান্ত ছিল। মেসি তখন ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিয়েছিলেন।

যদিও এখনো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের ঘোষণা দেয়নি, তবে গুঞ্জন সত্যি হলে এটি নিঃসন্দেহে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় ধাক্কা হবে।

২০১১ সালের পর এটাই হতো আর্জেন্টিনার প্রথম ভারত সফর, যেখানে ভক্তরা সরাসরি মাঠে দেখতে পেতেন তাদের প্রিয় নায়ক লিওনেল মেসিকে। বিশ্বজয়ী এই দলের খেলা দেখার সুযোগ আবার কবে আসবে, সেটাই এখন বড় প্রশ্ন।

 

Walton Ads