হংকংয়ের মাঠ থেকে ১-১ ড্র নিয়ে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও এশিয়ান কাপ বাছাইপর্বে জয়ই প্রয়োজন ছিল টিকে থাকার জন্য, তবু ৩৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এই ড্রয় প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দের মুহূর্ত হয়ে দাঁড়ায়। ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ফুটে ওঠে স্পষ্টভাবে।
ম্যাচ শেষে টিম বাসে ওঠার সময় হামজাকে দেখতে পেয়ে প্রবাসী বাংলাদেশিরা তাকে ঘিরে ধরেন এবং এক পর্যায়ে কাঁধে তুলে নাচতে শুরু করেন। এসময় তারা উচ্চস্বরে স্লোগান দেন, ‘হামজা ভাই! জিন্দাবাদ!!’, যা ফুটবলের উন্মাদনার চূড়ান্ত রূপের এক নজির।
হামজা তার অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য সদস্য হয়ে উঠেছেন এবং মাঠে পারফর্ম করে দলের অঘোষিত নেতা হিসেবে সুনাম কুড়িয়েছেন। হংকংয়ের বিপক্ষে সর্বশেষ হোম ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিক গোল করেছিলেন, যা দলের জয়ের আশা দীর্ঘ সময় ধরে ধরে রেখেছিল।
হংকং অ্যাওয়ে ম্যাচেও হামজা ছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়। বল যেখানে গিয়েছে, তাকে সেখানে দেখা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ৫ ম্যাচ খেলে তিনি করেছেন ২ গোল, পাশাপাশি করিয়েছেন আরও এক গোল। তবে সবচেয়ে বড় প্রভাব তিনি রেখেছেন মাঠের বাইরে। তার আসার পরই বাংলাদেশে ফুটবলের উন্মাদনা নতুন উচ্চতায় পৌঁছেছে।