আগামী বছরের জুনে বসছে ফিফা বিশ্বকাপ ২০২৬, যেখানে অংশ নেবে ৪৮ দেশ। বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আচমকা ভেন্যু বদলের হুমকি দেওয়ায় বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই হুমকির পর মনে করা হচ্ছে, বোস্টনের সাতটি ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে।
সেপ্টেম্বর মাসে ট্রাম্প নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বলেছেন,
“যদি কোনও শহরের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে না আসে, আমি ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনোকে বলব ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে। আশা করি, ও সহজেই এটি মেনে নেবে। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, কিন্তু মেয়র চরমপন্থী।’’
এই পরিস্থিতিতে বোস্টনের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে সাতটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।
ফিফা অবশ্য ট্রাম্পের মন্তব্যের জবাবে জানিয়েছে,
“আমরা আশা করি ১৬টি শহরই সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত। নিরাপত্তা বিষয়টি অগ্রাধিকার পাবে, যা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
গ্লোবাল ইভেন্ট এক্সপার্ট জন ক্রিস্টিক বলেন,
“প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন। টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়েছে। এক বছর ধরে হসপিটালিটি প্যাকেজও বিক্রি হচ্ছে। ট্রাম্পের মন্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না।”
আয়োজকরা আরও জানিয়েছেন,
“আমেরিকার প্রতিটি রাজ্যের বড় স্টেডিয়াম রয়েছে। বিশ্বকাপের ম্যাচ সেখানে হেসেখেলে আয়োজন করা সম্ভব। ফিফা ও হোয়াইট হাউস টাস্ক ফোর্সের সঙ্গে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। কোনো ভেন্যু পরিবর্তনের উদ্বেগ নেই।”
ফলে, ট্রাম্পের হুমকির মধ্যেও বিশ্বকাপের সব ম্যাচ নির্ধারিত ভেন্যুতে নিরাপদে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।