বাবার জন্মদিন উদযাপন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলের এক তরুণ ফুটবলার। মাত্র ২০ বছর বয়সে শেষ হলো প্রতিভাবান খেলোয়াড় আন্তোনি ইলানোর জীবন।
ঘটনাটি ঘটে গত সোমবার ভোররাতে, ব্রাজিলের পিয়াউই রাজ্যের আলতোস পৌর এলাকার বিআর-৩৪৩ মহাসড়কে। বাবার জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইলানো। পথে রাস্তায় হঠাৎ এক গরুর সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় পুলিশের তথ্যমতে, ইলানোর বাইকটি চলছিল বেপরোয়া গতিতে। মহাসড়কের মাঝখানে হেঁটে যাওয়া গরুর সঙ্গে সংঘর্ষেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করার আগেই তিনি প্রাণ হারান।
ইলানো খেলতেন পিয়াউই এস্পোর্তে ক্লাবের হয়ে। চলতি বছরই তিনি দলকে রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তরুণ বয়সে এমন প্রতিভাবান ফুটবলারের মৃত্যুতে পুরো ক্লাব এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মহাসড়কের মাঝখান দিয়ে হাঁটতে থাকা গরুর সঙ্গে সরাসরি ধাক্কা লাগে ইলানোর বাইকের।
স্থানীয় পুলিশ এই দুর্ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক ও অস্বাভাবিক” বলে বর্ণনা করেছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে রাত্রিকালীন সময়ে মহাসড়কে দ্রুতগতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।