ইন্টার মায়ামি দাপটের সঙ্গে জয় পেয়েছে! মেজর লিগ সকার এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে তারা ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে। শনিবার, ২৫ অক্টোবর সকালে এই ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন লিওনেল মেসি। আর এই দিনই তিনি হাতে তুলে নিয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’।
বিশ্বের অন্যান্য ফুটবল লিগে চ্যাম্পিয়ন নির্ধারণে রাউন্ড রবিন পদ্ধতিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল জিতলেও, যুক্তরাষ্ট্রে এমএলএস-এ জয়ের পথে কয়েকটি ধাপ পার করতে হয়। প্রথম ধাপ শেষে মেসির দল এখন রাউন্ড ওয়ানের ‘বেস্ট অফ থ্রি’ সিরিজে নেমেছে। ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচের এই লড়াইয়ে প্রথম ম্যাচেই এগিয়ে গেল তারা।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেসির জোড়া গোল দলকে জয় এনে দিয়েছে। ম্যাচের ১৯তম মিনিটে সুয়ারেজের সঙ্গে দারুণ সমন্বয়ে মেসি দলকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে সুয়ারেজকে পাস দেন তিনি। উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজ ক্রস দেন, আর ছয় গজ দূর থেকে মেসি হেড করে বল জালে পাঠান।
দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিট পর্যন্ত। মেসির পাস থেকে ইয়ান ফ্লে গোলমুখে ক্রস করেন, আর তাদেও আয়েন্দে হেড করে জালে বল জড়ান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করেন। জর্দি আলবার ক্রস ন্যাশভিলের গোলরক্ষক ধরতে ব্যর্থ হন, আর অরক্ষিত থাকা মেসি আলতো ছোঁয়ায় বল জালে পাঠান
যোগ করা সময়ের ১১তম মিনিটে ন্যাশভিলের হ্যানি মুখতার ফ্রি-কিক থেকে গোল করে হারের ব্যবধান কমান। আগামী ২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ন্যাশভিল তাদের মাঠে মায়ামিকে আতিথ্য দেবে।
এমএলএস-এর এই মৌসুমে মেসি ২৯ ম্যাচে ৩১ গোল করেছেন। প্রথম পর্বে ২৮ ম্যাচে ২৯ গোল করে তিনি গোল্ডেন বুট জিতেছেন, যা আজ তার হাতে তুলে দেওয়া হয়েছে।