অস্ট্রেলিয়া ক্রিকেট দলে বড় ধাক্কা! প্যাট কামিন্স অফিসিয়ালি ছিটকে গেছেন অ্যাশেজ ২০২৫-২৬ সিরিজের প্রথম টেস্ট থেকে। ফলে দলের নেতৃত্বের দায়িত্ব এখন পড়েছে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথের কাঁধে। আর কামিন্সের জায়গায় একাদশে জায়গা পাচ্ছেন প্রতিভাবান পেসার স্কট বোল্যান্ড।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এই বহুল প্রতীক্ষিত সিরিজ শুরু হবে ২১ নভেম্বর, পার্থ স্টেডিয়ামে। তবে কামিন্স এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি পিঠের চোট থেকে, যে কারণে প্রথম টেস্টে তার খেলা সম্ভব হচ্ছে না।

‘এটা এমন ইনজুরি, প্রতিদিনই নতুন অবস্থা’ — কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “এই চোট এমন যে প্রতিদিনই নতুন করে পর্যবেক্ষণ করতে হয়। আমরা চেষ্টা করছিলাম কামিন্সকে প্রথম টেস্টে ফেরাতে, কিন্তু সময় শেষ হয়ে গেছে।”

তিনি আরও জানান, কামিন্সকে পুরোপুরি ফিট হতে অন্তত চার সপ্তাহের বেশি সময় লাগবে। তাই পার্থ টেস্টে না খেললেও, তারা আশা করছেন ৪ ডিসেম্বর গ্যাবায় শুরু হওয়া দ্বিতীয় টেস্টে কামিন্স দলে ফিরবেন।

ম্যাকডোনাল্ড বলেন, “এই সপ্তাহেই সে আবার বোলিং শুরু করবে— এটা আমাদের জন্য বড় ইতিবাচক দিক। আমরা চাই সে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি তৈরি হয়ে যাক।”

পার্থে দলের সঙ্গেই থাকবেন কামিন্স

কোচ আরও জানান, কামিন্স খেলতে না পারলেও, তিনি দলের সঙ্গেই থাকবেন পার্থে।
“সে দলে থাকবে, প্র্যাকটিসেও অংশ নেবে। ওর উপস্থিতি দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ,” বলেন ম্যাকডোনাল্ড।

স্টিভ স্মিথকে অধিনায়ক দেখে আশাবাদী অস্ট্রেলিয়া

কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথের নেতৃত্বে দল মাঠে নামবে— এতে বেশ আত্মবিশ্বাসী কোচ ম্যাকডোনাল্ড। তিনি বলেন,
“আমরা অত্যন্ত ভাগ্যবান যে এমন একজন অভিজ্ঞ অধিনায়ক আমাদের আছে। স্মিথ ও কামিন্স সবসময়ই একে অপরের সঙ্গে ভালোভাবে কাজ করে, তাই নেতৃত্বের বদলে কোনো সমস্যাই হবে না।”

স্কট বোল্যান্ডে ভরসা রাখছে দল

অস্ট্রেলিয়া কোচ আরও বলেন, “অবশ্যই অধিনায়ককে হারানো আদর্শ পরিস্থিতি নয়। তবে যখন আপনার দলে স্কট বোল্যান্ডের মতো বোলার আছে, তখন উদ্বেগের কিছু নেই।”

তিনি যোগ করেন, “যখন কামিন্স ফিরবে, সেটা হবে দলের জন্য এক বিশাল উত্সাহের মুহূর্ত। একটি সম্পূর্ণ ফিট কামিন্সকে আমরা শিগগিরই আবার মাঠে দেখতে চাই।”

 

Walton Ads