ভারতীয় ক্রিকেটে এক সময়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে আবারও আলোচনায়। জাতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত থাকার অভিযোগে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, নিজের বক্তব্যে টেনে এনেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলির নামও— অভিজ্ঞতার গুরুত্ব বোঝাতে।

রাহানে বলেন, “সবচেয়ে উচ্চ পর্যায়ে যখন রোহিত আর বিরাটের মতো খেলোয়াড়রা আছে, যারা ভারতের হয়ে অসংখ্য ম্যাচ জিতিয়েছে— তখন দলে অভিজ্ঞতা থাকা খুবই দরকার। শুধু নতুনদের নিয়েই দল গড়া যায় না। হ্যাঁ, তরুণ রক্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অভিজ্ঞতা থাকলে দল আরও ভালো করে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে।”

টেস্ট দলে দুই বছর ধরেই উপেক্ষিত রাহানে

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেছিলেন রাহানে। এরপর থেকে আর সুযোগ পাননি। অথচ ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর থেকে ৮৫টি টেস্টে ৫০০০+ রান করেছেন তিনি, গড়ে ৩৮.৪৬।

চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ার পর এখন তিনিই একমাত্র সক্রিয় ক্রিকেটার, ভারতের টেস্ট ক্রিকেটের ‘গোল্ডেন ফেজ’-এর প্রতিনিধিত্ব করছেন।

“আমি জানি আমি কতটা ভালো খেলোয়াড়” — রাহানের আত্মবিশ্বাসী জবাব

সম্প্রতি রঞ্জি ট্রফিতে আরেকটি সেঞ্চুরি হাঁকান রাহানে, কিন্তু শতরানে পৌঁছে কোনো উদযাপন করেননি। বরং সমালোচকদের উদ্দেশে দেন তীব্র জবাব।

তিনি বলেন, “আমি জানি আমি কতটা ভালো খেলোয়াড়। বাইরের কথাবার্তা নিয়ে ভাবি না। যারা খেলা বোঝে না, তারাই অযথা কথা বলে। আমি সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে খেলি, মুম্বাইয়ের হয়ে ভালো পারফর্ম করি। আমাদের অনেকেই চায় দেশের হয়ে খেলতে— কিন্তু সবাই জানে না আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে কী লাগে।”

রাহানে আরেক ধাপ এগিয়ে বলেন, “আমি কারও নাম নিতে চাই না, তবে কিছু কথায় বোঝা যায়— মানুষ আসলেই খেলাটা বোঝে কি না।”

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাহানে

দেশীয় ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পর আইপিএল ২০২৫ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে যোগ দেন রাহানে। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দেখে ফ্র্যাঞ্চাইজিটি তাকে অধিনায়ক বানায়।

রাহানে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন— দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। তবে তার নেতৃত্বে কেকেআর প্লে-অফে পৌঁছাতে পারেনি।

 

Walton Ads