ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার বর্তমানে সিডনির এক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মারাত্মক চোট পাওয়ার পর তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণধরা পড়ে।

মাঠের দুর্ঘটনা থেকে শুরু গুরুতর জটিলতা

খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে বাম পাঁজরের নিচে প্রচণ্ড আঘাত পান আইয়ার। পরে স্ক্যানে দেখা যায়, তার spleen বা প্লীহায় ছিঁড়ে যাওয়ার  ঘটনা ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল হলেও অন্তত আরও দুই দিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে।

পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সিডনির বিশেষজ্ঞ চিকিৎসকরা আইয়ারকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পরবর্তী ৪৮ ঘণ্টা তার শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে, তাকে আরও এক সপ্তাহ পর্যন্ত আইসিইউতে থাকতে হতে পারে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা

বিসিসিআইজানিয়েছে, তারা সিডনির মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দলের চিকিৎসক আইয়ারের সঙ্গেই রয়েছেন এবং তার প্রতিটি আপডেট ভারতের চিকিৎসকদের সঙ্গেও শেয়ার করা হচ্ছে।

পরিবারের সদস্য উড়ছেন সিডনিতে

এই কঠিন সময়ে আইয়ারের পাশে থাকার জন্য বিসিসিআই তার পরিবারের সদস্যদের সিডনি পাঠানোর ব্যবস্থা করছে। প্রথমে শোনা গিয়েছিল, তার বোন সেখানে যাচ্ছেন, তবে এখন তার মা বা বাবাও সঙ্গে যেতে পারেন বলে জানা গেছে।

একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, “বিসিসিআই সব ব্যবস্থাই করছে। এখনও নিশ্চিত নয়, দুজন অভিভাবকই যাবেন কি না, তবে পরিবারের কেউ একজন খুব শিগগিরই হাসপাতালে তার সঙ্গে থাকবেন।”

বিসিসিআইয়ের আনুষ্ঠানিক বিবৃতি

বিসিসিআই জানিয়েছে, “২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় শ্রেয়াস আইয়ার বাম পাঁজরের নিচে আঘাত পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।”

ভারতের হার, কিন্তু আইয়ারের জন্য প্রার্থনা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ১–২ ব্যবধানে হেরেছে। দুই ইনিংসে মাত্র ৭২ রান করতে পেরেছিলেন আইয়ার। তবে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না, যা ২৯ অক্টোবর ক্যানবেরার ম্যানুকা ওভালে শুরু হবে।

বর্তমানে সব মনোযোগ আইয়ারের সুস্থতার দিকে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী দুই দিনই নির্ধারণ করবে কবে থেকে তিনি রিহ্যাব বা পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

 

Walton Ads