গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে চলমান দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ট্রিস্টান স্টাবসের দুর্দান্ত ইনিংস থামল রবিশ্রেষ্ঠ রবিশ্রী—রবীন্দ্র জাদেজার এক নিখুঁত ডেলিভারিতে। ভারতের এই বাঁহাতি স্পিনার এমন এক বল ছুঁড়লেন, যেটি স্টাবসের অসাধারণ প্রতিরোধের শেষ টানল নাটকীয়ভাবে।
অফ-স্টাম্পের বাইরেই হালকা ভাসিয়ে বল ছুড়েছিলেন জাদেজা। আগের মতোই স্লগ-সুইপ করতে গিয়েছিলেন স্টাবস, কিন্তু এবার ভুলটাই কাল হলো। ব্যাটে বল লাগেনি, বরং পিচে গ্রিপ করে বলটা ভেতরে ঢুকে সরাসরি ভেঙে দিল অফ-স্টাম্পের মাথা। উড়ে গেল বেইল—মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল স্টাবসের ইনিংস।
১৮০ বলের ইনিংসে ৯ চার ও ১ ছক্কায় ৯৪ রান করেন ট্রিস্টান স্টাবস। সেঞ্চুরির দারুণ সম্ভাবনা ছিল তার সামনে, কিন্তু জাদেজার ধূর্ত ফ্লাইট ও টার্নই তাকে হার মানাল।
স্টাবস আউট হওয়ার কয়েক মুহূর্ত পরই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ইনিংস ঘোষণা করে দেন। স্কোরবোর্ড তখন ২৬০/৫। এর ফলে ম্যাচ জিততে হলে ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হবে ভারতকে—যা টেস্ট ইতিহাসের অন্যতম কঠিন চ্যালেঞ্জ।