স্পোর্টস ডেস্ক: রোববারের বিপিএল নিলামে সবচেয়ে বড় চমকটা দিয়েছে রংপুর রাইডার্স। মাত্র ১০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ওপেনার এমিলিও গে-কে! খবরটা ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে – “এ আবার কে? ইতালির ক্রিকেটার বিপিএলে?”

জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। মায়ের পরিবার ইতালিয়ান, বাবার পরিবার গ্রেনাডা থেকে। মায়ের আইডেন্টিটি নিয়ে ইতালির জার্সি গায়ে চড়িয়েছেন এই ২৫ বছরের ব্যাটার। কিন্তু মন-প্রাণে এখনো ইংলিশ! এখনো স্বপ্ন দেখেন একদিন ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলবেন।

ইতালির হয়ে মাত্র ৭টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এমিলিও। কিন্তু যা খেলেছেন, তা চোখ কপালে তুলে দেওয়ার মতো – ৪টা ওয়ানডে খেলে ৪টাতেই ফিফটি! টি-টোয়েন্টিতে ৩ ম্যাচ খেলেছেন।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে তিনি একদম নিয়মিত মুখ। প্রথম শ্রেণির ৬৭ ম্যাচে করেছেন ৪,১৫০ রান, গড় ৩৭.৩৮। সেঞ্চুরি ১০টা, সর্বোচ্চ ইনিংস ২৬১ রানের। বর্তমানে খেলছেন ডারহামের হয়ে।

ইংল্যান্ডের নিয়মে সহযোগী দেশ (যেমন ইতালি) এর হয়ে খেললে ইংল্যান্ডের জার্সি পরার সুযোগ থেকে যায়। তাই এমিলিও এখনো আশা ছাড়েননি – একদিন তিন নম্বর সিংহের জার্সি গায়ে চড়াবেন!

 

Walton Ads