স্পোর্টস ডেস্ক: অ্যাশেজের দ্বিতীয় টেস্টে স্টিভেন স্মিথকে দেখা যেতে পারে পুরোদস্তুর চন্দরপল লুকে! হ্যাঁ, ঠিক শুনেছেন – চোখের নিচে দুটো কালো স্টিকার লাগিয়ে গ্যাবায় গোলাপি বলের দিবারাত্রি ম্যাচে নামতে পারেন অস্ট্রেলিয়ার এই ব্যাটিং জিনিয়াস।
রাতে ফ্লাডলাইটের নিচে নেট অনুশীলন করতে গিয়ে স্মিথকে এই ‘আই ব্ল্যাক’ লাগিয়ে ব্যাট করতে দেখা গেছে। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে ব্রিসবেনে শুরু হতে যাওয়া গোলাপি বলের টেস্টের জন্যই এই নতুন অস্ত্র বের করলেন তিনি।
গোলাপি বল নিয়ে ব্যাটারদের কষ্টের কথা তো সবাই জানে। ফ্লাডলাইটের আলো পড়লে কালো সিমটা ঝিকমিক করে, চোখে ঝলক লাগে। আগেই অ্যালেস্টার কুক বলেছিলেন, “সিমে ফোকাস করা মুশকিল হয়ে যায়।” জো রুট তো প্রশ্ন তুলেছেন, অ্যাশেজে গোলাপি বল রাখা ঠিক কি না! স্বয়ং স্মিথও একবার বলেছিলেন, “কিছু সময় গোলাপি বল দেখতেই পারি না, লাল বলের মতো আচরণও করে না।”
তার ওপর স্মিথের গোলাপি বলের রেকর্ডটা মোটেও সুখকর নয়। ১৩টা পিঙ্ক বল টেস্টে ২৪ ইনিংসে মাত্র একটা সেঞ্চুরি, গড় ৩৭.০৪। কিন্তু লাল বলের দিনের টেস্টে? ১৯০ ইনিংসে ৩৫ সেঞ্চুরি, গড় ৫৮.৩১! তাই এবার আর রিস্ক নিতে চান না স্মিথি।
সেই জন্যই চন্দরপলের পুরোনো ট্রিক বের করে ফেললেন – চোখের নিচে দুটো কালো ‘অ্যান্টি-গ্লেয়ার’ স্টিকার। ফ্লাডলাইটের ঝলক কমে গেলে বল অনেক সহজে দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিভনারায়ন চন্দরপল এই কালো স্টিকার লাগিয়ে ব্যাটিং করার জন্য দুনিয়া চিনত। ২০১৮ সালে তিনি বলেছিলেন, “আলো বেশি হলে এটা লাগাতাম, ৬০-৭০ শতাংশ ঝলক কমে যেত।”
এখন গ্যাবায় সেই চন্দরপল স্টাইলেই স্মিথ নামলে কেমন লাগবে? ক্রিকেট দুনিয়া তো আগ্রহে অপেক্ষা করছে!
