অবশেষে অপেক্ষার অবসান। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের শুরুতেই জালে বল জড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়লেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা এরলিং হালান্ড।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৭তম মিনিটেই শত গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। বাঁ দিক থেকে জেরেমি ডোকুর দুর্দান্ত পাস পেনাল্টি স্পটের কাছাকাছি পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোল করেন হালান্ড—যা নিয়ে আসে নতুন ইতিহাস।
ইংল্যান্ডের শীর্ষ লিগে ১০০ গোল করতে হালান্ডের লাগল মাত্র ১১১ ম্যাচ, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তার আগে দ্রুততম শত গোলের মালিক ছিলেন অ্যালান শিয়ারার, যিনি এই মাইলফলক ছুঁয়েছিলেন ১২৪ ম্যাচে। অর্থাৎ শিয়ারারের রেকর্ড ভাঙতে হালান্ডের ম্যাচ লেগেছে ১৩টি কম।
এর আগের দুই ম্যাচ—নিউক্যাসল ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের বিপক্ষেও এই রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন হালান্ড। কিন্তু তখন সুযোগ কাজে লাগাতে পারেননি। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচেও শুরুতে তার একটি শট পোস্টে লেগে ফিরে আসে, তবে পরে দর্শনীয় গোল করে ইতিহাস গড়েন তিনি।
২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই প্রথম মৌসুমে রেকর্ড ৩৬ গোল করেছিলেন হালান্ড। পরের মৌসুমেও ২৭ গোল করে জেতেন গোল্ডেন বুট।
গত মৌসুমে কিছুটা পিছিয়ে পড়লেও ২২ গোল করে ছিলেন তালিকার তৃতীয় স্থানে। আর এবার আবারও শীর্ষে ফেরার দৌড়ে আছেন তিনি। ১৪ ম্যাচে হালান্ডের গোল এখন ১৫টি।
শুধু শত গোল নয়, হালান্ডের চোখ এখন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সর্বকালের রেকর্ডের দিকে। সেই রেকর্ডটি অ্যালান শিয়ারারের, যার প্রিমিয়ার লিগে গোল সংখ্যা ২৬০—দুই দশকের বেশি সময় ধরে অটুট।
