স্পোর্টস ডেস্ক: রবি শাস্ত্রীর আমলে ভারত টেস্টে রাজত্ব করতো, বিদেশ-দেশে দাপট দেখাতো। রাহুল দ্রাবিড়ও সেই ধারা বজায় রেখেছিলেন। কিন্তু গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর থেকে টেস্ট ক্রিকেটে ভারতের দুর্দশা চলছে। ঘরের মাঠে যে দলটা প্রায় অজেয় ছিল, এখন সেই দল এক বছরে ৫টা টেস্ট হারলো! রবি শাস্ত্রী আর চুপ থাকতে পারলেন না – গম্ভীরকে সটান ধুয়ে দিলেন।

“আমি গম্ভীরের হয়ে সাফাই গাইব না। এই ব্যর্থতার ১০০ শতাংশ দায় ওর। আমার সময়ে এমন হলে আমিই প্রথম এসে দায় নিতাম। তারপর ড্রেসিংরুমে গিয়ে সবাইকে ছেড়ে কথা বলতাম,” বললেন শাস্ত্রী।

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০ রানে ১ উইকেট ছিল, সেখান থেকে ৭ উইকেট হারিয়ে ১৩০! শাস্ত্রী বললেন, “এটা কীভাবে সম্ভব? এই দল তো এত খারাপ না। এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। ছোটবেলা থেকে তারা স্পিন খেলে বড় হয়েছে।”

গম্ভীর এলে দোষ ব্যাটারদের ঘাড়ে, কখনো সাদা বলের স্ট্যাটস টেনে আনা হচ্ছে। শাস্ত্রী বললেন, “এসব করে লাভ নেই। কোচ হিসেবে দায় নিতে হবে।”

২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত ঘরের মাঠে মাত্র ৪টা টেস্ট হার। গম্ভীরের এক বছরেই ৫টা! ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে ২-০ তে সিরিজ জিতলো। গম্ভীরের কোচিংয়ে ১৮ টেস্টে মাত্র ৭টা জয়। ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হার, ৬৬ বছরে প্রথমবার ৭ ম্যাচে ৫টা হার – লজ্জার রেকর্ড বাড়ছেই।

শাস্ত্রীর কথা শুনে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন একটাই প্রশ্ন করছেন – গম্ভীর কবে দায় নেবেন?

 

news