তরুণ পেসার হর্ষিত রানা এখন ভারতীয় ক্রিকেটের হট টপিক। আর এর পেছনে সবচেয়ে বড় হাত হেড কোচ গৌতম গম্ভীরের। বড় বড় নাম থাকা সত্ত্বেও গম্ভীরের পছন্দে হর্ষিতকে বারবার সুযোগ দেওয়া হয়েছে। কেকেআর আর দিল্লির কানেকশন তো আছেই, তার ওপর হর্ষিতের ব্যাটিং ক্ষমতাটাও গম্ভীরের খুব পছন্দ।

কিন্তু এবার হর্ষিত নিজেই গম্ভীরকে একটু অস্বস্তিতে ফেলে দিলেন! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে রায়পুরের দ্বিতীয় ম্যাচের আগে তিনি খোলাখুলি বললেন, রোহিত শর্মা আর বিরাট কোহলির সাপোর্ট না থাকলে তিনি এতটা কনফিডেন্ট হতে পারতেন না।

“এই মুহূর্তে আমার কেরিয়ারের সবচেয়ে সুখী সময় চলছে। ড্রেসিংরুমে আর মাঠের বাইরে দুজনের সাপোর্ট অসাধারণ। যখন বোলিং করি, কীভাবে আরও ভালো করব, সেটা সবসময় বলে দেন। ভালো সময় হোক আর খারাপ – দুজনেই পুরো ব্যাক করেন, পরের ধাপ কী হবে, সেটাও বলে দেন। একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটা অনেক বড় ব্যাপার,” বললেন হর্ষিত।
তিনি আরও যোগ করলেন, “রোহিত আর বিরাটের মনে সবসময় একটাই চিন্তা – তরুণরা যেন আরও ভালো হয়। ড্রেসিংরুমের পরিবেশ এখন একদম পজিটিভ। সবাই একে অপরকে আরও ভালো করতে চায়।”

রাঁচির প্রথম ওয়ানডেতে বুমরাহ রেস্টে, হার্দিক ইনজুরিতে। গম্ভীর আর অধিনায়ক কেএল রাহুল নতুন বল তুলে দেন হর্ষিতের হাতে – আর সেই ওভারেই দুটো উইকেট! হর্ষিত বললেন, মর্নি মর্কেল আর আরশদীপ সিংয়ের সঙ্গে প্র্যাকটিস করে এই সুযোগের জন্য তৈরি হয়েছিলেন। 

“ভারতে বোলিং মানে ভ্যারিয়েশনের ওপর ভরসা। কখনো অ্যাটাকিং, কখনো ডিফেন্সিভ – প্রতি ফেজে আলাদা ভূমিকা,” যোগ করলেন তিনি।
গম্ভীরের সঙ্গে রোহিত-বিরাটের কথিত ঠান্ডা লড়াইয়ের মাঝে হর্ষিতের এই প্রশংসা সবাইকে চমকে দিয়েছে!

 

news