রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে রেকর্ড ৩৫৮ রান করেও হেরে গেল ভারত। এমন ব্যাটিং পারফরম্যান্সের পরও দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে ভারতীয় বোলারদের একপ্রকার ছিন্নভিন্ন করে দেয় প্রোটিয়া ব্যাটাররা। ৪ বল হাতে রেখে ৪ উইকেটের দুর্দান্ত জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরে দক্ষিণ আফ্রিকা।

এর আগে রাঁচিতে প্রথম ওয়ানডেতে ৩৪৯ রান করেও শেষ পর্যন্ত ভারতকে কাঁপতে হয়েছিল জয়ের জন্য। সেই ম্যাচে ১৭ রানে জিতে ১-০তে এগিয়ে যায় ভারত।

এবার সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আসছে শনিবার, বিষাখাপত্তনমে। যারাই জিতবে সেই ম্যাচ, তারাই সিরিজের মুকুট তুলবে। এর আগে দু’ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের তাণ্ডবে রানের পাহাড়ও ছোট হয়ে গেল

বুধবার টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫৮ রানের বিশাল স্কোর গড়ে ভারত। কোহলি করেন ১০২, ঋতুরাজ গড়েন ১০৫ রানের সেঞ্চুরি। অধিনায়ক লোকেশ রাহুল ৪৩ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারালেও দমে যায়নি দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম ও অধিনায়ক টিম্বা বাভুমার ১০১ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৪৮ বলে তিন চার ও এক ছক্কায় ৪৬ রান করে ফেরেন বাভুমা।

এরপর ম্যাথু ব্রিটজেককে নিয়ে দারুণ ছন্দে এগিয়ে যান মার্করাম। ওয়ানডের ৮৫তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। ৯৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় খেলেন ১১০ রানের দারুণ ইনিংস।

ম্যাথু ব্রিটজেক এরপর ডেভেল ডেভিসকে নিয়ে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়ে ম্যাচকে দক্ষিণ আফ্রিকার জয়ের দোরগোড়ায় নিয়ে যান। ৩৪ বলে ৫৫ রান করে ফিরে যান ডেভিস।

শেষ দিকে ব্রিটজেকও ৬৪ বলে ৫ বাউন্ডারিতে ৬৮ রান করে আউট হলে কিছুটা চাপ তৈরি হলেও, দক্ষিণ আফ্রিকা সহজেই ম্যাচ পকেটে ভরে নেয়।

 

Walton Ads