বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি ম্যাচ থেকে আয় করেছে ৪ কোটি টাকারও বেশি। তবে সবচেয়ে বেশি অর্থ এসেছে ভারতের বিপক্ষে হওয়া ম্যাচ থেকে।
গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ–ভারত ম্যাচ থেকে বাফুফে আয় করেছে ১ কোটি ৮৮ লাখ টাকা—যা তিন ম্যাচের মধ্যে সর্বোচ্চ।
হংকং ম্যাচেও টিকিট বিক্রি জমে উঠেছিল
গত ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। ৭ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ ৪-৩ গোলে হেরে যায়। যদিও পরে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে হামজা–শমিতরা।
ম্যাচে হারের হতাশা থাকলেও অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়েছে বাফুফে। হংকং ম্যাচ থেকে আয় হয়েছে ১ কোটি ২ লাখ টাকা।
সিঙ্গাপুরের বিরুদ্ধেও শেষ মুহূর্তের হার, তবুও আয় ১ কোটি টাকার বেশি
এর আগে সিঙ্গাপুরের সাথে ম্যাচেও শেষ দিকে গোল হজম করে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। সে ম্যাচ থেকেও বাফুফের আয় হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা।
তিন ম্যাচ মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
জাতীয় দলে নতুনদের আগমনে ফুটবলে ফিরে এসেছে প্রাণ
হামজা–শমিতদের উত্থান দেশের ফুটবলে নতুন উদ্দীপনা তৈরি করেছে। পাশাপাশি জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম, কিউবা মিচেলের মতো তরুণদের আগমনে জাতীয় দলে এসেছে নতুন গতি। সব মিলিয়ে মাঠে যেমন উত্তেজনা বেড়েছে, তেমনি ফুটবলে ফিরেছে দর্শকের প্রাণচাঞ্চল্য।
