একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আসন্ন আইপিএলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলে মুস্তাফিজের খেলা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও অনিশ্চয়তা।

এই বিতর্কের কারণটা বেশ অপ্রত্যাশিত। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের কয়েকজন ধর্মীয় নেতা হুমকি দিয়েছেন, মুস্তাফিজকে খেলতে দিলে তারা স্টেডিয়ামে ভাঙচুর চালাবেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে। এসব গোষ্ঠীর দাবি, বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে কিছুটা খারাপ হওয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলানো উচিত নয়।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ এ বিষয়ে কড়া বক্তব্য দিয়েছেন। নিউজ ১৮–কে তিনি বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কলকাতাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। তার দাবি, ‘বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।’

তবে এই হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তারা এ বিষয়ে সরকারের অবস্থানের ওপরই ভরসা রাখছে। বিষয়টি সংবেদনশীল হলেও মুস্তাফিজ কিংবা অন্য বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলা নিষিদ্ধ করার পক্ষে নয় বিসিসিআই।

সংস্থাটির এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেন, ‘এটা যে সংবেদনশীল বিষয়, সেটা আমরা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’

 

Walton Ads