আইসিসির ডেডলাইন ১লা জানুয়ারি মাথায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে পাকিস্তান। গত বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্সের পরে এবার নতুন আশায় নামবে তারা। তবে সবচেয়ে বড় খবর হলো, শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও প্রাথমিক দলে ফিরে এসেছেন বাবর আজম এবং শাহিন আফ্রিদি।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক ১৫ সদস্যের দল পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে দলটি প্রকাশ করা হয়নি, তবে পিটিআই-এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ৩১শে জানুয়ারির আগে যেকোনো টাম বিনা অনুমতিতে তাদের এই প্রাথমিক দল পরিবর্তন করতে পারবে।

বাবর-শাহিন ফিরছেন, রাউফ বাদ!

প্রাথমিক দলের তালিকায় সবচেয়ে চমক হলো দু'জন স্টার ক্রিকেটারের প্রত্যাবর্তন। শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে না থাকলেও বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন সাবেক ক্যাপ্টেন বাবর আজম এবং পেসার শাহিন আফ্রিদি। বাবর সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে ভালো ফর্মে আছেন, অন্যদিকে ইনজুরি থেকে ফিরছেন শাহিন।

আল-রাউন্ডার শাদাব খানও দলে রয়েছেন, যিনি ইনজুরির পরে বিগ ব্যাশের মাধ্যমে ক্রিকেটে ফিরেছেন। তবে আঘাতপ্রাপ্ত পেসার হারিস রাউফ এই প্রাথমিক দলেও জায়গা পাননি। সালমান আলী আঘা এখনো সংক্ষিপ্ত ফরম্যাটের দলনায়ক হিসেবেই রয়েছেন, এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এই ফরম্যাট থেকে বাদ পড়ার ধারাবাহিকতায় রয়ে গেছেন।

শ্রীলঙ্কাতেই খেলবে পাকিস্তান

নিরাপত্তা ও অন্যান্য বিবেচনায় পাকিস্তান তাদের সকল গ্রুপ পর্বের ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতেই। কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়াম, সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড এবং ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের ম্যাচগুলো হবে।

পাকিস্তান 'এ' গ্রুপে রয়েছে নামিবিয়া, নেদারল্যান্ডস, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তারা তাদের বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করবে ৭ই ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে, এরপর যথাক্রমে যুক্তরাষ্ট্র, ভারত ও নামিবিয়ার মুখোমুখি হবে তারা। ২০২৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার গ্লানি এবার কাটাতে চাইবে পাকিস্তান।

 

Walton Ads