আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে চলছে জোর গোলযোগ! টুর্নামেন্ট শুরু হতে মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি, কিন্তু বাংলাদেশের দল কলকাতায় ম্যাচ খেলবে কি না, তার এখনও কোনো নিশ্চয়তা নেই। সর্বশেষ খবর বলছে, আইসিসি এখন বিকল্প ভেন্যু খুঁজছে ভারতের ভেতরেই!

বিসিসিআইয়ের কড়া নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে ছাঁটাইয়ের পরই এই ঝামেলা শুরু হয়। তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার শঙ্কা দেখিয়ে আইসিসির কাছে দুবার চিঠি পাঠায়, কলকাতার বদলে অন্য কোথাও ম্যাচ আয়োজনের জন্য। তবে আইসিসির পক্ষ থেকে এখনও কোনো রেজাল্ট আসেনি।

সূত্রের খবর, বাংলাদেশের জোরালো আবেদনের পরও ম্যাচগুলো পুরোপুরি দেশের বাইরে, যেমন শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম। বরং ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খোঁজা হচ্ছে। আইসিসি এবং বিসিসিআই ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাইয়ের চেপক স্টেডিয়াম কিংবা তিরুবনন্তপুরমে সরিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা হচ্ছে।

চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে ইতোমধ্যেই বিশ্বকাপের সাতটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। টিএনসিএ জানিয়েছে, তাদের আটটি পিচ থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন করতেও তারা প্রস্তুত। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনও ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশকে ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কথা। তারপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের।

এখন অপেক্ষা শুধু আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের। আশা করা হচ্ছে, আগামী সোমবার (১২ জানুয়ারি) নাগাদ তারা তাদের সিদ্ধান্ত জানাবে। তবে এত বড় টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ম্যাচ অন্য দেশে সরানো লজিস্টিকভাবেই অনেক কঠিন। তাই বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেতরেই অন্য কোনো স্টেডিয়ামে সরে যেতে পারে।

 

Walton Ads