স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত আধিপত্য দেখিয়ে ইংলিশ লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে ৩–২ গোলে হারিয়েছে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে বলের দখল বেশি সময় চেলসির পায়ে থাকলেও, আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে ছিল গানাররাই।

ম্যাচের শুরুতেই লিড নেয় আর্সেনাল। ম্যাচের প্রথম কর্নার থেকেই গোল আদায় করে নেয় সফরকারীরা। ডেকলান রাইসের নেওয়া কর্নার থেকে নিখুঁত হেডে বল জালে পাঠান বেন হোয়াইট। দ্রুত লিড নেওয়ার পরও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার আঘাত হানে আর্সেনাল। ম্যাচের ৪৯তম মিনিটে চেলসির গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে দ্বিতীয় গোল করেন ভিক্টর গিয়োকেরেস। বল পেয়ে এক মুহূর্ত দেরি না করে জালে জড়ান সুইডিশ এই স্ট্রাইকার।

৫৭তম মিনিটে ম্যাচে ফেরার চেষ্টা করে চেলসি। নেটোর বাড়ানো পাস থেকে গোল করে ব্যবধান কমান গারনাচো। তবে ৭১তম মিনিটে আর্সেনালের মিডফিল্ডার জুবিমেন্ডি গোল করলে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

শেষ দিকে চেলসি আবারও লড়াইয়ে ফেরে। ম্যাচের শেষ দিকে গারনাচো নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান কমে আসে। তবে শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে।

এই হারে প্রথম লেগে পিছিয়ে পড়লেও, আগামী ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে জিতে ফাইনালের টিকিট কাটার সুযোগ থাকছে চেলসির সামনে। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে গুরুত্বপূর্ণ জয় পাওয়ায় ঘরের মাঠে দ্বিতীয় লেগে বেশ সুবিধাজনক অবস্থানে থাকছে আর্সেনাল।

 

Walton Ads